সোমবার, ১৬ আগস্ট, ২০১০

ধর্মের সো কল্ড সু-শীতল ছায়াতল থেকে গনগনে রোদেলা যুক্তির পথে আমার যাত্রা...

ক্লাস থ্রি/ফোরে পড়ি, খুলনার খালিশপুরে থাকি। প্রতিবেশীরা মোটামুটি সবাই বিহারী।

"এএএ মিস্টার...লাড্ডান ভাই...গুড্ডুউউউ"

বলে রোজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাবার সময় আমাদের আশপাশের কয়েকটা বাসার যুবক বয়সীদের নামাজ পড়ার জন্য ডাক দিতেন তাদেরই সমবয়সী একজন। ভোরবেলার ডাকটাই শুনতে পেতাম সবচে জোরে। এই ডাক শুনে আমিও কোনোকোনো দিন উঠে ফজরের নামাজ পড়তাম বাসাতেই। বাসার পরিবেশ কট্টর ইসলামী না হলেও ইসলামী। বুঝতে শেখার পর থেকে বাবাকে কখনও দেখিনি নামাজ কাজা করতে। মা, বোন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। দাদা-দাদীকে দেখিনি। তবে নানা- নানু, মামা সবাইকে দেখেছি নামাজ পড়তে। নানা মৃত্যুর আগেও নামাজ পড়েছেন।

আমি শৈশব পার করেছি একই সাথে কোরান আর বিভিন্ন প্রকার বই পড়ে। এর মধ্যে সেবা, প্রগতি প্রকাশনী, শরৎচন্দ্র, বিভুতিভুষণ যেমন ছিলো তেমন ছিলো নানার ধর্মীয় বই এর কালেকশন।

বিভিন্ন ওলি আউলিয়াদের জীবনী পড়তে পড়তে মনে হলো তাদের মতো আমাকে হতে হবে। শুধু মনে খটকা লাগতো একটাই যে ওলি আউলিয়ারা সময়ে অসময়ে কিভাবে নানান মজেজা দেখান? আমার নানাও তো উনাদের মতো নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লা কে ডাকেন তাহলে নানা কেন কোন মজেজা পারেন না?
একটা সময় আসলো যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরান তেলওয়াত করি, কোরানের মানে জানার চেষ্টা করি। এভাবে ক্লাস নাইনে উঠলাম।

ছোট্ট একটা ঘটনা ঘটলো এসময়। আমি প্রবল ভাবে একটা জিনিস চাচ্ছিলাম। যানতাম বারবার ইনশাআল্লাহ পড়লে আল্লা ভবিষ্যতের ব্যাপারে নিজে জিম্মাদার হয়ে যান। অগুনিতবার ইনশাআল্লাহ জপ করলাম, আল্লা সহায়তা করলো না। বয়ঃসন্ধিক্ষণে ঘটনাটা মনে খুবই তোলপাড় তুললো। তাহলে আল্লা নিজে যেটা বলেছেন সেটা তাহলে সব সময় কাজ করেনা। তবুও মনকে সান্তনা দিলাম এই বলে যে আমার পড়ায় মনে হয় কোন গলদ ছিলো। ছোট্ট ঘটনা তবে মনে দাগ কেটে আছে।

কোরান হাদীস পড়া বাড়িয়ে দিলাম। জানার আশায়। সাথে বিজ্ঞানের বিভিন্ন বই পড়া তো আছেই। দেখলাম বিজ্ঞানের অনেক কিছুই কোরান হাদীসে যেভাবে বর্ণিত আছে তার সাথে ঠিক মেলে না। খটকা। নানার কাছে নেয়ামুল কোরান নামের একটা বই ছিলো, বাসায় ছিলো মকসুদুল মো্মেনীন। মকসুদুল মো্মেনীন পড়তাম আব্বু আম্মুকে লুকিয়ে। আমার যৌন বিষয়ক সুরসুরি জাগানিয়া প্রথম বই। নেয়ামুল কোরান, তাতে কোরানের বিভিন্ন আয়াত দিয়ে তার ফজীলত বর্ণনা করা ছিলো। সেগুলো বাস্তব জীবনে ব্যবহার করা শুরু করলাম। কলেজে উঠেছি তখন। নেয়ামুল কোরানের কোন আয়াতেরই ফজীলত পাইনা। নামাজ পড়া চলছে পুরোদমে। কিন্তু মন উঠে গেছে অনেক খানিই।

কিছু সাধারন ধর্ম সম্বন্ধীয় প্রশ্ন মাথায় আসে। উত্তর পাইনা। আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম একটা প্রশ্ন নিয়ে। যিনি আবার আমাদের স্কুলের ধর্ম স্যার।

খুবই সাধারণ প্রশ্ন; আল্লার হুকুম ছাড়া যদি গাছের একটা পতাও না নড়ে, তাহলে আমার পাপের জন্য কে দায়ী হবে? আমি না আল্লা?
স্যার উত্তর দিলেন- আল্লা তোকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন ভালো মন্দ আলাদা করে চলার জন্য। অতএব তোর পাপের জন্য তুইই দায়ী থাকবি।
আমি বললাম- তাহলে স্যার, আল্লা যদি এটুকু থেকেই তার সবচে প্রিয় সৃষ্টিকে রক্ষা করতে না পারে তাহলে কিভাবে সে সর্ব শক্তিমান?
স্যার আমাকে মারতেই বাকী রেখেছিলেন।

দেখলাম ধর্মের সো কল্ড সু-শীতল ছায়া, রোদের ভিতর চোখে ঠুলি পরিয়ে একজনকে দাঁড়া করিয়ে রাখা ছাড়া আর কিছুই না। যাতে সে ভাবতে বাধ্য হয় "চারদিকে যেহেতু আঁধার আঁধার লাগছে তাহলে নিশ্চয়ই ছায়ার ভিতরে আছি। রোদের উত্তাপ? সেটা আসলে আল্লা আমার পরীক্ষা নেবার চেষ্টা করছেন, আমার বিশ্বাস কতটা পোক্ত সেটা দেখার জন্য।"

ওহো বলতে ভুলে গিয়েছিলাম গীতা, বাইবেল, মহাভারত, রামায়ন স্কুল জীবনেই পড়েছি ঐ ধর্মগুলো কতটা ভুল আর ইসলাম কতটা সঠিক তা প্রমানের জন্য।

আরো বেশি বেশি পড়া শুরু করলাম, যুক্তি প্রয়োগ শুরু করলাম, কার্যকারণ দেখা শুরু করলাম। দেখলাম তখনকার সময়ের হিসাবে বিচার করলে ধর্মগুলো যথেষ্ট আধুনিক ছিলো। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে, এখন আর ঐসব উদ্ভট অলৌকিক কাহিনীতে পরিপুর্ণ ধর্ম গুলোর কোনো প্রয়োজনই নেই।
ধর্ম, সৃষ্টিকর্তা/আল্লা/ভগবান/গড/ঈশ্বর/সুপ্রীম বিইং, স্বর্গ/বেহেশত, জাহান্নাম/নরক, পরকাল/পরজন্ম আসলে মানব মনের উইশফুল থিংকিং ছাড়া আর কিছুই না।

ধর্মের সু-শীতল ছায়ার ঠুলি খুলে ফেলে শুরু হলো যুক্তির গনগনে রোদেলা পথে আমার পথচলা...

(বিবিধ নীলনদ বিষয়ক)

বেড়িবদ্ধ ক্রীতদাসের ঘর্মিল পেশীতে ঠিকরে পড়ে নক্ষত্রের আকাংক্ষিত পীড়ন
খোজা প্রহরীর নিষ্কাম চোখের তারায় অক্ষত যোনী কিশোরী আকাশ
রথশাস্ত্র ছায়ালিপি আঁকে আনুভুমিক অথবা উল্লম্ব পরিসরে
চিতা থেকে গড়িয়ে যাওয়া ধোঁয়া মিলিত হয় স্বসুর বাঁশির
অখন্ড ছিদ্রসুখে।
লিলেন আবৃত নিশ্চল হাতের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে ছিন্ন প্যাপিরাস মন্ত্র
শিশ্ন পুজারীনির স্তনের গভীর খাঁজে দাগ কেটে চলে
স্বেচ্ছা বা অনিচ্ছার নখবিলাসী আঙ্গুল
ক্লিওপেট্রার চর্চিত চুলের বাঁকে
জমা হয়ে থাকে ছলকে পড়া মধ্য দুপুর, মহাবীর টলেমীর কামজাত ভালবাসা।

(জোছনা বিক্রির লিফলেট)

এখানে জোছনা বিক্রি করা হয়

লেখা আছে পঁয়তাল্লিশ ফন্টে,
বোল্ড আর ইটালিক ফরম্যাটে,
ঝকঝকে সাদা রঙ এ,
এ ফোর সাইজের একটা কাগজে
আশি গ্রামের অফসেট কাগজটায় নীলাভ কালো ব্যাকগ্রাউন্ড আর ম্যাট ল্যামিনেশন করা।

হেডলাইনের নীচে
চব্বিশ ফন্টে লেখা

আমরাই সর্ব প্রথম নাগরিক জঙ্গলের মাঝে জোছনা দেখার সুযোগ করে দিচ্ছি আপনাদের।
আমরাই আপনাদের দিচ্ছি পুরোপুরি নির্ভেজাল জোছনার স্বাদ।

আঠারো ফন্টে লেখা

আপনার সীটটি সংরক্ষণ করুন
আমরা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে জোছনা বিক্রি করছি
তবে একটাই শর্ত
মাসে একবার জোছনা কেনার সুযোগ পাবেন
অন্য যারা জোছনা ক্রয়ে আগ্রহী তাদেরও সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব।

(তিনি ও তাঁর লাঠি)

তিনি যাচ্ছিলেন।
সাথে ছিলো তাঁর প্রিয় লাঠিটি,
এ্যালুমিনিয়ামের; রূপালি নিকেল করা কালো রাবারের গ্রিপ ওয়ালা একটি শক্ত সমর্থ লাঠি।
আলো লেগে চকচক করছিলো লাঠিটা, তাঁর চোখ দু'টো যতটা ঘোলাটে ঠিক ততটাই প্রান্জলতা ঠিকরে পড়ছিলো লাঠিটার নিকেল করা গায়ে।
লাঠিটা হয়তো ভাবছিলো তার মালিকের কথা; হয়তোবা নিজের কথাও যখন মালিকের চোখের ঘোলাটে ভাব তার শরীরের নিকেলে ছায়া ফেলবে তখন তার সাহায্যকারীর কথা কল্পনায় আঁকার প্রচেষ্টায়
তাঁর সাথে দেহের কাঁপন মেলাতে মেলাতে চলতে থাকলো নিকেল করা এ্যালুমিনিয়ামের চকচকে যুবকটি।

বৃত্ত অতিক্রমণ-()

অতিক্রান্ত বৃত্তে থই থই জল
ছায়া ফেলে
দিগন্তে ক্রমশঃ স্বপ্নমগ্ন হতে থাকে
সূর্যস্পর্শী বৃক্ষদের ফুল।
কোষমুক্ত তরবারীর মসৃণ শরীর বেয়ে নেমে
ধারবাহী রক্ত
আল্পনা এঁকে চলে যায় পৃথিবীর কোমল দেহের
তপ্ত গহীন দোলাচলে।
নরকাধিপতির তাণ্ডব নৃত্যছন্দ
তরঙ্গ তোলে মন নদীর জল
আর জলজ প্রাণীদের দেহ নিসৃত ঘামের গন্ধে।

(শীতবন্দী ল্যাম্পপোস্ট)

শীতবন্দী ল্যম্পপোস্ট বেয়ে নামে
সোনালী সোডিয়াম অশ্রু
গরম তরলের স্পর্শ, কষাটে স্বাদে মাখামাখি করে দেয় জিহ্বা ও খাদ্যনালী
হাতের উপর জমতে থাকা মেঘেদের ভালোবাসা
আর শরীরের মায়া ফেলে চলে যেতে থাকা ধোঁয়ারা মিলেমিশে একাকার হয়ে যায় রাতের আবেশে। চারটি অথবা আটটি ছায়া দুলে দুলে চলে যায় অন্ধকারের দিকে। অন্ধকার মাঝে মাঝে ছলকে ওঠে হলদে আলোর ঢিলে, নৈঃশব্দ্যের কোলাহল থেমে যায় শাব্দিক নীরবতায়।

(ব্যবচ্ছেদ)

ক্ষুরধার স্কালপেল হাতে দক্ষ সার্জন
ব্যাস্ত নাগরিক
স্বপ্নের ব্যাবচ্ছেদ প্রক্রিয়ায়।
বয়ে যেতে থাকা রক্ত স্রোতের
অনূপুংখ বিশ্লেষণে
মত্ত জ্যোতিষী নস্ট্রাদামুস।
আর সম্পর্কের আধুনিকতা
সৃষ্টির রূপকল্প
আলোচনে মগ্ন মানব ও মানবী।
আমিতুমি
পার্মুটেশন্কম্বিনেশন
চালনায় সিদ্ধহস্ত সকলেই
প্রতিভাবান।