অস্তগামী চাঁদের সাদা জোছনা ছড়িয়ে পড়ে সবুজ চাদরে/ আলো অন্ধকার আটকা পড়ে মীনচোখ বৃত্তে/ মাৎসন্যায় ঘটে যায় রক্তমাখা তীর সঞ্চালনে/ সবাই বন্দী রয় বৃত্তে...
সোমবার, ১৬ আগস্ট, ২০১০
(বিবর্ণ কাগজের ছায়ায়)
পিচ গলা রাস্তার মাঝে ভগ্ন যৌবন সেবিকার
শরীরের আবেদন উড়ে যায়, বিভ্রান্ত শালিকের
হলুদ ঠোঁট আর খয়েরী পালকে ভর করে
আনমনা যুবকের শার্টের বাম পকেটে রাখা কাগজের
অনিঃশেষ প্রান্তরে।
বিবর্ণ কাগজের ছায়া দীর্ঘ হতে থাকে
আরো দীর্ঘ হয়...
আরো দীর্ঘ...
আরো...
তার পর হারিয়ে যায় আইল্যান্ডে বেড়ে ওঠা ফুলের ধুলো মলিন বাহুতলে।
আম্মু
তোমার সাথে মাঝে মধ্যেই রাগ করি। আবার খাবার সময় তুমি ভাত না খুলে দিলে, তরকারি না তুলে দিলে মনখারাপও করি। তোমাকে ভালোবাসি। বলিনা।
মনে পড়ে, ছোটো বেলায় যখন মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত কথাটা শিখেছিলাম, আর মাঝে মাঝে তুমি যখন বিছানায় পা তুলে বসতে তখন পায়ের তলায় বেহেশত খুজতাম। মাঝে মাঝে তোমার পায়ের পাতায় চুমু দিতাম। তুমি বলতা কি করিস, ময়লা না? আমি বলতাম তো কি হয়েছে?
বুঝতে শেখার পর কখনও কোনো ঈদ-চাঁদে তোমাকে নতুন কিছু নিতে দেখিনি। তুমি সযত্নে নিজের চাহিদাকে লুকিয়ে রাখতে শিখে নিয়েছো।
কখনও তোমাকে দেখিনি কাঁদতে। এত শক্ত কিভাবে হ'লে তুমি?
কখনও দেখিনি নিজের আনন্দের জন্য কিছু করতে, মেয়ে-ছেলের জন্য সব বিসর্জন দিলে?
আব্বুর সাথে কখনও দেখিনি ঝগড়া করতে। আব্বুর ভুল গুলোকে সবসময় দেখেছি আলোচনা করে শুধরিয়ে দিতে।
আম্মু, কখনও সরাসরি বলা হবেনা জানি।
আমি তোমাকে খুব বেশি ভালোবাসি এটা নাহয় এভাবেই জানানোর চেষ্টা করলাম...
(অবিজ্ঞাপিত বিজ্ঞপ্তি)
তোমাদের হাতের আঙ্গুলে বেঁধে নাও তোমাদের সকল ঘৃণা। চোখের কোনায় এক এক করে ঝুলিয়ে নাও তোমাদের নাভিশ্বাস। ঠোঁট থেকে ফেলে দাও চুমুর স্বাদ। অশ্রু বিছিয়ে দাও বুকের অসমতল সমতলে। ঝুলে থাকা ঘামের গন্ধ ডুবিয়ে দাও বিছানার চাদরের ভাঁজে ভাঁজে। তারপর উঠে চলে যাও এই চৌহদ্দি ছেড়ে।
হাতুড়ে গদ্য (অসংলগ্ন-৩)
কেনো সে সাবউফারের বিট গুলোকে নিজের হৃদস্পন্দনের সাথে মিলিয়ে নিয়েছিলো, সেটা জেনে ওঠার আগেই একদিন ঢিপ করে সাবউফার অন করার ভোঁতা শব্দে সাথে চন্দ্রলোপার হার্টবিট থেমে গেলো।
'চন্দ্রলোপা' নামটা তার নিজের খুবই পছন্দের ছিলো। কিন্তু নামটার মানে জানা ছিলো না। রাস্তার পাশের টং-দোকান থেকে সিগারেট কিনতে এসে গৃহী আলফেসানীর খুব মন খারাপ হচ্ছিলো। খুলি কামড়ে ধরে থাকা চুলগুলোর ওপর কিছু খাড়া আর কিছু কৌণিক রোদের মনখারাপ করা ঝিকিমিকি সে নিজের মনেও অনুভব করছিলো। আলফেসানীর হাতে একটা রোদেলা রঙ এর দেশলাই। একটা কাঠি জ্বালিয়ে, সেই আগুনের দিকে তাকিয়ে চন্দ্রলোপার গালের উপর আলোর খেলা ভেসে উঠছিলো তার নিউরনে।
বাবা, মা আর দু ভাই নিয়ে চন্দ্রলোপার সংসার ছিলো। থাকতো গ্রামের মত মফস্বলে কিংবা মফস্বলের মতো গ্রামে। ভালোই তো দিন গুলো কেটে যাচ্ছিলো। হঠাৎ একদিন খালার সাথে আলফেসানী এলো। কালো, লম্বা, চিকন, উস্কোখুস্কো আলফেসানী। ওর ভিতর কেমন একটা উদ্ধত ভাব। আধা গ্রাম-আধা মফস্বল কিংবা আধা মফস্বল-আধা গ্রামের চন্দ্রলোপার অভিভূত হবার শুরু। রাতে খাবার পর, যখন সে দেশলাই চাইলো, চন্দ্রলোপার খারাপ লাগেনি। মনে হয়েছিলো এরকমই তো হবার কথা। কিছুটা শান্ত, কিছুটা উস্কোখুস্কো, কিছুটা উদ্ধত।
এর পরে যতবারই চন্দ্রলোপা আলফেসানী যুগলবন্দী হয়েছিলো, ততবারই দুজন দুজনকে আরো কাছে টেনেছিলো। তবে তাদের নিজেরা কোনো কমিটমেন্টে আসেনি। যেখানে আকাশ আর মাটির মানসিকতাটা একই দিগন্তে মিশেছে সেখানে কমিটমেন্ট ততটা...
ফুলতোলা চাদরের উপর নিজের দেহটাকে বিছিয়ে দিয়ে, কৃত্রিম প্রকৃতিকে আত্মস্থ করার সাথে সাথে চন্দ্রলোপা নিজেকে আরেকটি পরিবর্তনে মানিয়ে নেবার চেষ্টায় ছিলো।
কাকতালীয়ই হবে। একই সময়ে আলফেসানীও চেক চেক চাদরের উপর শুয়ে ছাদের বিশালতায় আকাশটা খুঁজছিলো আর সাথে হাত বাড়িয়ে তার প্রিয় সাবউফারটার সুইচ...
মৃদু ভোঁতা ঢিপ শব্দের সাথে সাবউফারটা যখন অন হয়েছিলো, ঠিক তখনই চন্দ্রলোপার হার্টবিটটাও চুপ করে গিয়েছিলো...
হাতুড়ে গদ্য (অসংলগ্ন-২)
কালচে সবুজ রংএর গামছাটার উপর যে অংশটুকু বিশ্রাম নিচ্ছে সেখানে আলফেসানীর ছোট বেলার মাছ ধরার একটা দৃশ্য মাখামাখি করে আছে-
ঘরে বানানো ছিপ নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে প্রায় হেঁজে ওঠা পুকুরের পাশে বসে থাকা, পিঁপড়ার বাসা ভেঙ্গে নিয়ে আসা ডিম বা কাদা মাখামাখি করে তুলে আনা কেঁচো গুলো পাশে কচুর পাতায় জড়িয়ে রাখা। আট আনা দিয়ে কেনা ঝাঁ চকচকে কালো কালো বড়শী, নাইলনের সুতায় পাটকাঠির ফাতনা, নড়ে উঠার সাথে সাথেই হ্যাঁচকা টান, ফলাফল, কেঁচোটা হারানো। বা হঠাৎ একটা পুঁটি মাছ।
এককোনায় আধশোয়া হয়ে থাকা এনার্জী ড্রিংকসের বোতলের কোনায় যে টুকু মগজ মাছরাঙার স্থিরতা নিয়ে বসে আছে (তফাত হলো ষে, সে কখনোই উড়বে না) তাতে আলফেসানীর নিষিদ্ধ কিছু স্মৃতি আঁকা-
সদ্য কৈশোরোত্তীর্ণ সে বৈশাখী মেলায় গিয়েছিলো, কিছু নারী, যারা তার পরিচিতদের মতো না,অন্য রকম আহ্বান। পরিপুর্ণ যুবক সে শহরে পুরোদমে বসবাসের যোগাড়যন্ত্রে ব্যাস্ত। বন্ধুদের সাথে এক সাথে কোন বস্তিতে সবাই মিলে সাদা পাউডারের আকর্ষণে। তবে একবারই। অন্য আকর্ষণ, সাধু সন্তদের প্রিয় ভেষজ। আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাওয়া। মফস্বলে থাকা বাবা-মার কাছ থেকে প্রয়োজনাতিরিক্ত.................
এপাশে অনেকবার পদদলিত জন্মনিরোধকের উপর শুক্রাণুর অস্থিরতায় পিছলে যাওয়া খন্ডটুকুতে কিছুদিন আগে ঘটে যাওয়া স্মৃতি-
একটা কোমল মুখ, কপালে ছোট্ট করে টিপ, চোখে কাজল, নাকফুল সজ্জিত নাকের ডগায় মুক্তোবিন্দু ঘাম। গাঢ় নিশ্বাস, ঘরের আলোআঁধারী। তারো খানিক আগে হ্যালোজেন লাইটে উজ্জ্বল অনুষ্ঠান, রেজিস্টার খাতায় সিগনেচার, দু-তিন দিনের ভীষণ ব্যাস্ততা।
এবার আলফেসানীর কোটরবিচ্ছিন্ন চোখ দু'টোয় বুঝিবা কিছুটা জলের ছোঁয়া...
(লাশ কাটা ঘরের একজন)
চোখের উপর জমে থাকা তুষার দানা যেন
একজন্মের বিষাদের সকল উদাহরণ
জড়িয়ে ধরে স্বর্ণলতার আকুলতায়।
ভেসে থাকা মেঘেরা তুলনা খোঁজে
জোছনা পুকুরের চাঁদ ছুঁয়ে ছুঁয়ে,
লক্ষ্মী পেঁচার পালকের সুঘ্রাণে নাক ডুবিয়ে,
লোহাগন্ধী আকর্ষণ এড়িয়ে।
রং চটা ধাতব পাত্রগুলো অবহেলায়
রেখে দেয় আভ্যন্তরীন প্রত্যঙ্গদের ভালোবাসা।
(বেনামী বন্দর)(বেনামী বন্দর-২)
আমাদের সকল নির্ঘুম রাত
সকল স্পর্শিত নারী
কাদায় গাঁথা ন'টা জোনাকির মালা
কাঁচপোকার টিপ
আনন্দিত মাঝ দুপুরের সুর্য
মরিচীকা জাগানো পিচঢালা রাজপথ
ফিরে আসেনি তারা কেউই...
_________________________
এখানে এসেছিলো স্বপ্ন জাহাজে চড়ে...
তোমাদের সকল ঘুম ঘুম রাত
সকল অনাঘ্রাত নারী
ন'টা মুক্তোর মালায় মিশে থাকা বেদনা
উড়তে থাকা বর্ণিল প্রজাপতি
বিষন্ন ভেসে যাওয়া মেঘের কুশন
কাদামাটি পিছল মেঠোপথ
ফিরে যায়নি তারা কেউই নিজেদের ডেরায়...